এনডিটিভি
কাশ্মীর নিয়ে কোনো দেশ যদি ভারতের পক্ষ অবলম্বন করে তাহলে সেই দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। সেইসঙ্গে দেশটিকে পাকিস্তানের শত্রুরাষ্ট্র হিসাবেও বিবেচনা করা হবে। মঙ্গলবার পাকিস্তানের কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমিন গাদাপুর এ হুঁশিয়ারি দেন।
আলি আমিন গাদাপুর বলেন, যদি কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সামনে আরো উত্তেজনা বাড়তে থাকে তাহলে বাধ্য হয়েই তাদেরকে কঠিন পথে যেতে হবে। এক্ষেত্রে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বেন বলে মন্তব্য করেন তিনি। আর এসবের যারা নেপথ্যের কলকাঠি নাড়াচ্ছেন তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ভারতের পাশাপাশি ঐসব দেশের বিরুদ্ধেও ক্ষেপণাস্ত্র হামলা করা হবে। পাকিস্তানভিত্তিক সাংবাদিক নাইলা ইনায়াত এক টুইটে ঐ মন্ত্রীর হুমকির ভিডিওর আংশিক শেয়ার করেছেন। পাক এই মন্ত্রী এমন এক সময় এ হুমকি দিলেন যখন কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অনেকটা ছিটকে পড়েছে।
গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে। গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিয়ে কাশ্মীর ইস্যুতে ৫০ মিনিট ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
