‘লেবানন ও ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৩৯

 রয়টার্স

লেবানন ও ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভাইজি বলেন, আমরা সবসময় এই দুটি দেশের শান্তির জন্য বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই দুটি দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বিশেষ গোষ্ঠীকে অর্থ সরবরাহ করে মদদ দিচ্ছে।

লেবাননে চলমান সংকট সমাধানের জন্য সরকারবিরোধী বিক্ষোভকারীদের আলোচনায় ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। গণবিক্ষোভের আট দিন পর আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন তিনি। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। লেবাননের রাজধানী বৈরুতে আন্দোলনকারীরা প্রেসিডেন্টের ওই আহ্বান প্রত্যাখ্যান করে যে কোনো আলোচনার আগে পদত্যাগের দাবি জানিয়েছে। ২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু হয়। ওই কর আরোপের প্রতিবাদ করতে গিয়ে অর্থনৈতিক সমস্যা, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে।