সিরিজ জিতল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আর তার দাপুটে ৬০ রানের অপরাজিত ইনিংসে ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড়ো জয় পেল স্বাগতিক অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা পকেটে পুড়ে ফেলল অজিরা। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল শুক্রবার, মেলবোর্নে।
গতকাল বুধবার অস্ট্রেলিয়ানদের দারুণ সূচনা এনে দেন বোলাররা। লঙ্কানরা মাত্র ১১৯ রানেই অল আউট হয়ে যায়। রান তাড়ায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের শতরানের জুটিতে জয় ধরা দিয়েছে ৭ ওভার বাকি রেখেই।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওয়ার্নার এবারও ম্যাচ সেরা হয়েছেন অপরাজিত ফিফটিতে। স্মিথের ব্যাট থেকেও এসেছে হার না মানা ফিফটি। দ্বিতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ১১৭ রানের।
এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই ডেভিড ওয়ার্নারের ফরমে যেন তালা লেগে ছিল। বিশ্বকাপ কিংবা অ্যাশেজ - দুটো বড়ো মঞ্চের কোনোটাতেই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আরেক তারকা স্টিভেন স্মিথ ব্যাট হাতে এতটাই প্রকাণ্ড হয়ে উঠেছিলেন যে, ওয়ার্নার আরো বেশি চাপের মুখে পড়ে গিয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে ওয়ার্নার এতটাই বাজে সময় কাটিয়েছেন যে, দলে তার জায়গা নিয়েও উঠেছিল প্রশ্ন। এত সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়ার্নার বেছে নিলেন নিজের দেশের মাটিতেই। আর সেই জবাবের আগুনে পুড়ল টানা দ্বিতীয় ম্যাচেও সফরকারী লঙ্কানরা।
