ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় বাসচাপায় কানাইপুর পল্লী বিদ্যুত্ অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বোয়ালমারী ভাড়াবাসা থেকে মোটরসাইকেলযোগে কানাইপুর নিজ কর্মক্ষেত্র পল্লী বিদ্যুত্ অফিসে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লী বিদ্যুত্ কর্মকর্তা হাফিজুর রহমান মাদারীপুর জেলার ঘটকের চর এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে। তিনি কানাইপুর পল্লী বিদ্যুত্ অফিসে পাওয়ার ইউচ কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। ফরিদপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল হাসান জানান, হাফিজুর রহমানের আগে বোয়ালমারীতে পোস্টিং ছিল আর তার স্ত্রী মধুখালী পল্লী বিদ্যুতের ক্যাশিয়ার পদে কর্মরত। সম্প্রতি হাফিজুর রহমান বদলি হয়ে ফরিদপুরে এসেছেন। বাসা পরিবর্তন না করাতে তিনি মোটরসাইকেলযোগে মাঝকান্দিতে স্ত্রীকে নামিয়ে অফিসে আসতেন। কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ সাইফুর আহমেদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকা থেকে হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
