প্রতারণার দায়ে কেশবপুরে যুবকের কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৯

কেশবপুর (যশোর) সংবাদদাতা   

কেশবপুরে সেচ প্রত্যয়নপত্রসহ বিদ্যুত্সংযোগ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বুধবার এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক মনিরুল ইসলাম উপজেলার কোমরপোল গ্রামের নিছার আলীর ছেলে।

যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের জানান, মনিরুল ইসলাম উপজেলা সেচ কমিটির সেচ প্রত্যয়নপত্র ও বিদ্যুত্ অফিস থেকে দ্রুত বিদ্যুত্ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতাপপুর, বুড়িহাটিসহ বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। প্রতারণার শিকার একজন সেচসংযোগ-প্রত্যাশীর মাধ্যমে বুধবার সকালে কৌশলে তাকে বিদ্যুত্ অফিসে হাজির করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমানের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।