কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:১১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষক মিরাজুল হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪০) ও একই এলাকার মুন্তজ আলীর ছেলে পলাতক আসামি কামরুল ইসলাম (৩৭)।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৪ জুলাই রাতে কৃষক মিরাজুলকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও বেদম পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামি কামরুল ও কামালের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় বিচারক তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।