ভাষানটেকে ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ভাষানটেকে এক ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আরেক ফল বিক্রেতা বাচ্চু জড়িত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলাম ভাষানটেকের পুনর্বাসন কেন্দ্র এলাকায় স্ত্রী মার্জিয়া বেগম ও দুই মেয়ে নিয়ে থাকতেন। সেখানেই তিনি ফল বিক্রি করতেন। তার পাশেই বাচ্চু নামে আরেক ব্যক্তি ফল বিক্রি করতেন। বাচ্চু বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা ধার করেছিলেন। পাওনাদাররা বিভিন্ন সময় বাচ্চুর খোঁজে পুনর্বাসন কেন্দ্রের সামনে আসত। কিন্তু তাকে পাওয়া যেত না। গত মঙ্গলবারও পাওনাদাররা বাচ্চুর খোঁজে আসে। বাচ্চুকে না পেয়ে নজরুল ইসলামের কাছে তার বাসার খোঁজ করে। নজরুল পাওনাদারকে বাচ্চুর বাসা দেখিয়ে দেন। এতে বাচ্চু নজরুলের ওপর ক্ষেপে যায় এবং সবার সামনে নজরুলকে মেরে ফেলার হুমকি দেয়। রাতে ফোন করে নজরুলকে বাসা থেকে নিচে নামতে বলেন বাচ্চু। নজরুল নিচে নামলে তাকে ধারাল অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ মেরে বাচ্চু পালিয়ে যায়।  তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নজরুলের লাশ ময়মনসিংহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।