উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণের হাত ভেঙে দেওয়া রানা গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২২:০৯

পাটগ্রামে প্রেমের প্রস্তাব দিয়ে বিবাহিত বোনকে রাস্তাঘাটে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়া সেই উক্ত্যক্তকারী প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাটগ্রাম থানায় দেওয়া লিখিত এজাহার ও মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, ঐ মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উক্ত্যক্ত করত একই গ্রামের আব্দুর রহমান হাজির ছেলে রানা। উক্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজে যাওয়ার পথে মেয়ের বড়ো ভাই সুমনকে রানা ও তার সহযোগীরা লোহার রড ও গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। তিনি পাটগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গতকাল লালমনিরহাট আদালতের মাধ্যমে রানাকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকায় প্রেমের প্রস্তাব দিয়ে বিবাহিত বোনকে রাস্তাঘাটে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেয় রানা ও তার সহযোগীরা। এ ঘটনায় ঐ দিন রাতেই মেয়ের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন।