ক্রীড়াঙ্গনের অস্থিরতা দেশের সামগ্রিক অবস্থারই প্রতিফলন :ফখরুল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:১০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গনে যে অস্থিরতা চলছে, সেটা দেশের সামগ্রিক অবস্থারই প্রতিফলন। সরকার যেভাবে দেশ চালাচ্ছে এতে করে কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। দেশের প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনই ‘মানি আর্নিংয়ে’র প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি সত্যিই দুঃখজনক। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাকিব আমাদের ক্রিকেটের একজন প্রতিভাবান খেলোয়াড়। এই খেলার সঙ্গে তিনি অবিচ্ছেদ্য অংশ। আমরা আশা করব, এ ধরনের ঘটনা আর ঘটবে না। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সব খেলার ক্লাবগুলো এখন অর্থ উপার্জনের পেছনে ছুটছে। সেটা আমরা অভিযানে দেখেছি। প্রত্যেকটি ক্লাব ক্যাসিনো চালায়। এটা ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন জানত না। ক্রীড়ামন্ত্রী জানেন না? অর্থাত্ সরকারের কোনো শাসন নেই। তারা সব জায়গায় ব্যর্থ। দেশে কোনো সুশাসন নেই। এর ফলে এ ধরনের ঘটনা ঘটছে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে বিভিন্ন ধরনের অনিয়ম আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যে জুয়াড়িদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আইসিসিরও সম্পর্ক থাকে। সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার। জানি না তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে নাকি। আশা করি, সাকিব তার পুরোনো ফরম নিয়ে ফিরে আসবেন, দেশকে জয়ী করবেন।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যা বলা হচ্ছে

ফখরুল বলেন, গত ২০ মাস ধরে খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে বন্দি। তিনি এখন গুরুতর অসুস্থ। অথচ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে মিথ্যাচার করছে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক। তার কথা শুনে দেশবাসী উদ্বিগ্ন, তারা কি খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়? জামিন খালেদা জিয়ার ন্যায্য পাওনা বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার তার জামিনে বাধা দিচ্ছে। রাজনৈতিকভাবে তাকে আটকে রাখার জন্য জামিন দিচ্ছে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।