সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় জেপি স্তম্ভিত ও দুঃখিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:৪৩

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও এ নিষেধাজ্ঞাকে বাংলাদেশের ক্রিকেটের ওপর এক বিরাট আঘাত বলে মনে করি। নেতৃদ্বয় আশা করেন, সাকিব আল হাসান তার অগণিত সমর্থক এবং প্রিয় দেশবাসীর শুভ কামনায় আবারও সহসায় ক্রিকেট জগতে ফেরত আসবেন এবং দেশের জন্য গৌরব বৃদ্ধিতে স্বীয় অবদান রাখবেন।

গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, দেশবাসীর মতো আমরাও সাকিবের পাশে আছি এবং তিনি দেশ ও জাতির এক অমূল্য সম্পদ হিসেবে আমাদের কাছে বিবেচিত। আমরা তার শুভ কামনা করি এবং সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। —প্রেস বিজ্ঞপ্তি