স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সড়ক-মহাসড়কসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত মানের কাজ চাই। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ঠিকাদার কেউ দায়িত্বে অবহেলা করতে পারবেন না। এখন উন্নয়ন কাজে কাউকে চাঁদা দিতে হয় না। গুণগত মানের কাজ না করলে বিল আটকে যাবে।
লাকসাম পৌরসভার অর্থায়নে কয়েকটি বিদ্যালয়ে নারী অভিভাবকদের জন্য নির্মিত অপেক্ষাগার, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালী রেলগেইট হতে ছিলনিয়া ব্রিজ পর্যন্ত রিজিভ পেভমেন্ট ও ফ্লেক্সিবল পেভমেন্ট কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী আরও বলেন, রাজনীতি করতে হলে দলীয় নেতা-কর্মীদের সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দরবার-কারবারের নামে মানুষকে হয়রানি সহ্য করা হবে না।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, লাকসাম পৌরসভাকে স্মার্ট সিটি, ডাকাতিয়া নদী খনন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, ডাকাতিয়া নদীর ওপর দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ, পৌরসভায় সুপেয় পানি সরবরাহ এবং আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের উন্নয়নে শতকোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১১ দিন বয়সী শিশু কন্যাকে বিক্রি করলেন মা
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাড. আবু তাহের, অ্যাড তানজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির কামাল, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এসি
