রাজশাহীতে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ছাত্রাবাসে আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে নগরীর উত্তরা ক্লিনিকের মোড়ের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুস সালাম নগরীর রাজপাড়া থানায় মামলা করলে সজিব রায়হান (২২) ও পলাশ (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই দুই যুবকের বাড়ি তানোর উপজেলার শংকরপুর গ্রামে।
রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, চাকরির খোঁজে ওই তরুণী (২৫) পূর্ব পরিচিত ওই দুই যুবকের একজনকে ফোন দিলে তারা তাকে নতুন নগরীর বিলশিমলা সেনানিবাস রোডের ওই বাসার ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে তারা ওই তরুণীকে একটি কক্ষে আটকে রেখে রাতভর গণধর্ষণ করে। এরপর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তরুণীর চিৎকারে স্থানীয়রা ওই ছাত্রাবাস থেকে দুই যুবককে আটক করে রাজপাড়া থানায় খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তরুণীকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চরভদ্রাসনে স্বাভাবিক প্রসব বিষয়ে দিনব্যাপী কর্মশালা
ওসি আরও বলেন, এ ঘটনায় তরুণীর বাবা আব্দুস সালাম থানায় ধর্ষণ মামলা দায়েরের পর দুই যুবককে আটক করে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
