পাসপোর্টে শিবচরের ঠিকানা ব্যবহার করে এক রোহিঙ্গা তরুণী ভারত গিয়ে আবার বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের হাতে আটক হয়েছেন। বুধবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করেন। বৃহস্পতিবার দুপুরে শিবচর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করেন।
শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগষ্ট সাহানা আক্তার (২৩) নামের এক রোহিঙ্গা তরুণী দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের বর্ডার ইমিগ্রেশন দিয়ে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ ওই তরুণীর কথাবার্তায় মায়ানমারের আঞ্চলিক ভাষার টান পায়। পরে পুলিশ তাকে আটক করে ।

তার পাসপোর্টে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে। পাসপোর্টে তার বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম এবং জন্ম তারিখ ১৪ জুন ১৯৮৯ উল্লেখ রয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারী ঢাকা থেকে ইস্যু করা হয়, যার মেয়াদ শেষ হবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারী। আবার তার কাছে পাওয়া বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত পরিচয়পত্রে তার নাম আজিদা, বাবা আব্দুল খালেক, মাতা লালু এবং জন্ম তারিখ ১ জানুয়ারী ১৯৯৯ উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: পেঁয়াজের দর কর্ণাটকে ৬, বাংলাদেশে ১১০!
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ এক রোহিঙ্গা তরুণীকে আটক করে বুধবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করেছি।
ইত্তফোক/এসএইচএম
