‘এবিইউ রেডিও এশিয়া কনফারেন্স অ্যান্ড রেডিও সং ফেস্টিভ্যাল’

শেষদিনে আট দেশের সংগীত মূর্ছনা

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:৩০

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো রেডিও এশিয়া কনফারেন্স অ্যান্ড রেডিও সং ফেস্টিভ্যালের আসর। এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) আয়োজিত এ উত্সবের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ বেতার।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৮ দেশের হূদয়ছোঁয়া সংগীতে সমাপ্ত হলো ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) সং ফেস্টিভ্যাল, ঢাকা ২০১৯’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে ৩ দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্স ও সং ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইরান ও তুর্কমেনিস্তানের শিল্পীরা নিজ নিজ দেশের সংগীতের মূর্ছনা উপহার দেন।

সমবেত কণ্ঠে ‘ধনধান্য-পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ ও ‘একটি মুজিবরের কণ্ঠ’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সবশেষে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের বর্তমান সদস্য ৭৬টি দেশের ২৭২টি ব্রডকাস্টিং সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলসহ সারাবিশ্বের সম্প্রচার মাধ্যম বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘রেডিও অল অ্যারাউন্ড আস: মোর দ্যান জাস্ট অ্যা মিডিয়াম’। সম্মেলনে বাংলাদেশসহ কানাডা, অস্ট্রেলিয়া, নিউলিজ্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, মিশর, রোমানিয়া, তুর্কেমিনেস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, ভিয়েতনাম, নেপালসহ ২২টি দেশের ২১২ জন গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন।