স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের পুলিশ সুপারসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলির আদেশের পর একসঙ্গে বদলি করা হয়েছে দিনাজপুরের হাকিমপুর থানার ওসিসহ ১২ কর্মকর্তাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনকে গত মঙ্গলবার রাতে তাত্ক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয় ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। এর পরের দিন বুধবার ঐ থানার এসআই মোকাম্মেল হোসেন, আব্দুল মান্নান ও জাহানুরকে বদলি করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)। এর একদিন পর বৃহস্পতিবার একই থানার ৮ জন এএসআই যথাক্রমে জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, মো. ফরহাদুজ্জামান, ও মো. আলীউল ইসলামকে টুরিস্ট পুলিশে, এএসআই মো. মন্টু মিয়া, খলিলুর রহমান, মো. শরীফুল ইসলাম ও সান্টু কুমার দেবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) তাত্ক্ষণিকভাবে বদলি করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান, এক বছর আগে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের তদন্ত করেছে পুলিশ হেড কোয়ার্টারস। তদন্তের পর পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ীই তাদের বদলি হয়েছে।
