নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২৫

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

খুলনা :নগরীর শিববাড়ি মোড়ে যুব সমাবেশ ও যুব র্যালির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান।

সাতক্ষীরা :জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে শহরের নিউ মার্কেট মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান সভাপতিত্ব করেন। যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

লালমনিরহাট :লালমনিরহাট যুব প্রশিক্ষক কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, যুব র্যালি, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, যুবঋণ, যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে।

জয়পুরহাট :জেলা যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান।

কিশোরগঞ্জ :যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। 

ব্রাহ্মণবাড়িয়া :জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। শেষে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা :জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইন্দুরকানী (পিরোজপুর): উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বরিশালের বানারীপাড়া, পটুয়াখালীর দুমকি ও মীর্জাগঞ্জ, বরগুনার বামনা, মাদারীপুরের কালকিনি ও টেকেরহাট, শরীয়তপুরের গোসাইরহাট, পাবনার ভাঙ্গুড়া ও ঈশ্বরদী, নীলফামারীর ডোমার, ময়মনসিংহের ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, টাঙ্গাইলের নাগরপুর ও মির্জাগঞ্জ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, রাজশাহীর বাঘা, দিনাজপুরের কাহারোল, নওগাঁর রাণীনগর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, মুন্সীগঞ্জের গজারিয়া, নরসিংদীর পলাশ, কুমিল্লার হোমনা উপজেলাসহ সারাদেশেই দিবসটি পালিত হয়েছে।