নতুন আইএইএ প্রধান নিরপেক্ষ থাকবেন :ইরানের প্রত্যাশা
g এএফপি
ইরানের নির্মাণ খাত লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। এই খাতে ইরানের বিপ্লবী গার্ডবাহিনী সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। এদিকে ইরান আশা প্রকাশ করেছে, ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) নতুন প্রধান নিরপেক্ষভাবে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, ইরানের পারমাণবিক, সামরিক বা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কাজে ব্যবহার হওয়া আরো চারটি সামগ্রী এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে বলে। আর কৌশলগত দিক থেকে এসব সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির বিপ্লবী গার্ডবাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে গত বছর বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। অপরদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল না করা পর্যন্ত পরমাণু চুক্তির বিভিন্ন শর্ত পালন করা স্থগিত করে।
এদিকে জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থার নতুন প্রধান নিরপেক্ষভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে তেহরান ২০১৫ সালে যুগান্তকারী চুক্তি মোতাবেক পরিদর্শকদের সহযোগিতা করারও অঙ্গীকার ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, তেহরান আশা করছে গ্রসারির এ সময়ে আইএইএ নিরপেক্ষ ও পেশাগত দক্ষতা বজায় রেখে কাজ করতে পারবে। তিনি বলেন, ইরানও সংস্থাটিকে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রসি। তার পূর্বসূরি জাপানের ইয়োকিয়া আমানো জুলাই মাসে মারা গেছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী জাতিসংঘের এই সংস্থা ইরানের পরমাণু কর্মকাণ্ড তদারক করে আসছে।
