বিশেষ প্রতিনিধি
ডেভেলপিং-৮ বা ডি-৮ জোটের মহাসচিব জাফর কু শারি বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে জোটের কোনো অবস্থান নেই। তবে এই সংকট নিয়ে আমাদের উদ্বেগ আছে। গত বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে গণমাধ্যমে কর্মরত কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী বছর বাংলাদেশে ডি-৮-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে ডি-৮কে গতিশীল করতে অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্স পাঠানো ও অভিবাসন প্রক্রিয়া দালালমুক্ত করতে ভিন্ন প্ল্যাটফরম, সদস্য রাষ্ট্রগুলোর ব্যবসায়ীদের মধ্যে অর্থের পাশাপাশি বিনিময় প্রথা চালু, নাগরিকদের বিমানবন্দরে বিশেষ সুবিধা, ইসলামিক অফশোর ব্যাংকিং, ডি-৮-এর জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল, ব্যবসায়ীদের জন্য স্থানীয় মুদ্রায় লেনদেনে ডি-৮ পেমেন্ট কার্ডসহ বিভিন্ন প্রস্তাবের কথা তুলে ধরেন জাফর কু শারি। ডিকাব সভাপতি রাহীদ এজাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ডিকাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে জাফর কু শারি বলেন, ‘রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে তা বিস্তারিত বলা যাবে না। আমরা একটি অর্থনৈতিক জোট। ফলে আমরা রাজনীতি নিয়ে কথা না-বলতে চেষ্টা করি। এটিকে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা অর্থনৈতিক উন্নতির দিক বিবেচনা করে যা করা যায় তা করব। রোহিঙ্গা নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। তবে এ নিয়ে উদ্বেগ রয়েছে।’
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে, যে লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছিল তা পূরণ হয়নি। আমাদের লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্য। ২০১৮ সালে বাণিজ্য ১১০ কোটি ডলারে পৌঁছেছে। আমি মনে করি, আমাদের বাস্তবসম্মত হতে হবে। আমরা ২০৩০-এর মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্যে পৌঁছাতে চাই।’
