যুক্তরাজ্যে এক মাস আগে শ্রমিকদের মজুরি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বাড়ানো হয়েছে, তবে মজুরি বাড়ানো হলেও বেকারত্ব কমানোর ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। বরং ব্রেক্সিটকে সামনে রেখে দেশটিতে বেড়ে গেছে বেকারত্ব। চলতি বছর বোনাসসহ দেশটির সাপ্তাহিক গড় আয় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। অর্থনীতিবিদদের অনুমানকেও ছাড়িয়ে গেছে এটি। একই সঙ্গে যুক্তরাজ্যে একটি উল্টো ঘটনাও ঘটছে। শ্রমিকের মজুরি বৃদ্ধি পেলেও বেকারত্ব বাড়ছে। বর্তমানে যুক্তরাজ্যে বেকারের সংখ্যা ২০ হাজার বেড়ে ১৩ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। এদিকে মজুরি বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ব্যাংক অব ইংল্যান্ড। তাই মুদ্রাবাজারে ভারসাম্য রক্ষার জন্য সুদের হার বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
