‘আমার বাচ্চাদের বাঁচান। আমার চার বাচ্চার মধ্যে এখন তিনটি বেঁচে আছে। আমি গরিব মানুষ। ওদের আমি বাঁচাতে চাই। আমি আমার সন্তানদের মুখে বাপ ডাক শুনতে চাই। আপনারা আমার বাচ্চাদের বাঁচাতে সাহায্য করুন। দেশবাসীর কাছে আর্থিক সাহায্য ও দোয়া চাইছি’। কথাগুলো বলছিলেন একসঙ্গে জন্ম নেওয়া চার বাচ্চার বাবা আশরাফুল।
গত ২৭ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে একসঙ্গে জন্ম নেয় ঐ চার নবজাতক। তাদের মধ্যে জীবিত আছে তিন নবজাতক। এর মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র। আশরাফুল বলেন, “আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে স্থানীয় একজন গাইনি চিকিত্সককে দেখাই। কিছুদিন পর চিকিত্সক জানান, তার পেটে চার বাচ্চা আছে। তার পরামর্শে স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই। চিকিত্সক জানিয়েছেন, আমার বাচ্চাদের বাঁচাতে হলে তাদের ‘নিবিড় পরিচর্যাকেন্দ্রে’ (এনআইসিইউ) রাখতে হবে।”
আশরাফুল বলেন, ‘ঢাকা মেডিক্যালে কোনো সিট খালি না পেয়ে নিরুপায় হয়ে সন্তানদের দ্রুত যাত্রাবাড়ী এলাকার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করেছিলাম। সেখানে দুই দিন রাখার পর জানতে পারি, বাচ্চা রাখার বিল হয়েছে ৫০ হাজার টাকা। আমি গরিব মানুষ, এত টাকা দিব কোথা থেকে। ঋণ করে কোনো রকমে ঐ ক্লিনিকের বিল পরিশোধ করে বাচ্চাদের আবারও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু এখন এই বাচ্চাদের চিকিত্সার ব্যয়ভার চালানোর মতো আর্থিক অবস্থা আমার নেই। ওদের বাঁচাতে হলে দেশবাসীর সাহায্য একান্ত প্রয়োজন।’
