একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকার রায় আসার পর গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সঙ্গে দেখা করে গেলেন আইনজীবীরা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ জন আইনজীবী কারাগারে এসে আজহারের সঙ্গে দেখা করেন। তারা ১৫ মিনিটের মতো ছিলেন।
আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে তাদের কথা হয়েছে এবং আজহারুল ইসলাম তাতে সম্মতি দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। তবে পরিবারের কেউ রায়ের পর এই জামায়াত নেতার সঙ্গে দেখা করতে আসেননি বলে জানা গেছে।
আইনজীবী দলের নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, ‘রায়ের পর উনার নির্দেশনা জানার জন্যই দেখা করতে এসেছিলাম। উনি বলেছেন, আইনের যে পরবর্তী ধাপ আছে, অর্থাত্ রিভিউয়ের ব্যবস্থা নিতে।’
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে প্রায় পাঁচ বছর আগে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আপিলের রায়েও তার সেই সাজা বহাল থাকে। আজহার একাত্তরে ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি এবং আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন। সে সময় তার নেতৃত্বেই বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪০০র বেশি মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।
