বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:০২

বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক র্যালি করে বধ্যভূমি ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ

চট্টগ্রাম: একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন নগরীর  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী। এছাড়া গতকাল বৃদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়। দিবসের প্রথম প্রহরে ও  শুক্রবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সর্বস্তরের জনসাধারণ সমবেত হন। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এরপর মহানগরী যুবলীগ, ছাত্রলীগ, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নসহ আরও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বরিশাল: দিবসের প্রথম প্রহরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতনরা। সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এরপূর্বে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

রাজশাহী:দিবসের প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে এবং অন্যান্য স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে, শুক্রবার সকালে রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের নেতৃত্বে কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাদ জুম্মা থেকে মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিলেট: শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৭টা থেকে সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরাম, ইনোভেটর সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, বিএডিসি সিলেট, মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলাসহ আরো অনেকে।

খুলনা অফিস: দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জেপি, সিপিবি, খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়া সাধারণ মানুষও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জেপি, খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে।

বগুড়া: সকাল ৯টায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা জেলা সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বগুড়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বগুড়া প্রেসক্লাবে বেলা ১১টায় আলোচনা সভা ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ।

শরীয়তপুর:জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন— শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা যুবলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর প্রমুখ।

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় একাডেমিক ভবনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এর আগে প্রথম প্রহরে ভিসির নেতৃত্বে সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ের শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সুনামগঞ্জ:সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, পৌর মেয়র নাদের বকত, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) প্রদীপ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সেলিম আহমদসহ পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরশুরাম (ফেনী):সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে ফেনী সরকারি কলেজের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এসে পুষ্পস্তবকের মাধ্যমে শেষ হয়। এ সময় ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী সরকারি কলেজসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারীপুর: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর হোসেন সজল ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী। জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।  বেলা সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সকালে কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মোঃ  মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মোঃ আবু জাফর, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরের বালুর মাঠ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া:সকালে শহরের কাউতুলী স্মৃতি হিরন্ময়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংঙ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আয়েশা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

সিরাজগঞ্জ:জেলা প্রশাসন আয়োজিত শহীদ শামসসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাসসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামী লীগ, জাসদ মুক্তযোদ্ধা সংসদ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

নেত্রকোনা: জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক কমান্ডার নুরুল আমীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের চিরস্মরণীয় অবদান নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ খালিদ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা জুবেদ আলী, সুব্রত সরকার এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।

ত্রিশাল (ময়মনসিংহ): সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম কালো পতাকা উত্তোলন করেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর যথাক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সকাল ৯টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালোব্যাজ ধারণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় দমদমা বধ্যভূমিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক শোক র্যালি করা হয়। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নরসিংদী: নরসিংদী জেলা ঐক্যন্যাপের উদ্যোগে স্টেশন রোডে ন্যাপ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ প্রেসিডিয়াম সদস্য রঞ্জিত কুমার সাহা, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খন্দকার, মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, কালীপদ দাস, রতন কুমার সাহা, এডভোকেট মোবারক হোসেন প্রমুখ। 

এছাড়াও মৌলভীবাজারের কমলগঞ্জ, কুমিল্লার হোমনা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কিশোরগঞ্জের হোসেনপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া, উত্তর মতলব, রাজবাড়ীর বালিয়াকান্দি, মাদারীপুর টেকেরহাট, ঝালকাঠির কাঠালিয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, বরিশালের মুলাদী, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, ফরিদপুরের মধুখালী, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, কাহারোল, ফুলবাড়ি, পাবনার ঈশ্বরদী, শরীয়তপুরের গোসাইরহাট, সাতক্ষীরার তালা, বাগেরহাটের মোরেলগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নাটোরের বড়াইগ্রামে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।