সিনেমাটি মুক্তির জন্য দীর্ঘ একটা জার্নি পাড়ি দিতে হয়েছে আমাদের। বাংলার মাকে নতুনভাবে দেখতে পাবেন দর্শকরা। ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে ছবিটির ফেসবুক পেজে।
—মাসুদ পথিক
বিনোদন রিপোর্ট
২০১৬ সালে সরকারি অনুদান পেয়েছিল ‘মায়া; দ্য লস্ট মাদার’ সিনেমাটি। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ পথিক।
৩ বছর আগে সিনেমাটি নির্মাণ শুরু হলেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এই বছর।
ডিসেম্বরের যেকোনো শুক্রবারে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। আগামী ২০ নভেম্বর প্রকাশ করা হবে সিনেমাটির ট্রেলার।
সিনেমাটি মুক্তির বিষয়ে মাসুদ পথিক বলেন, ‘সিনেমাটি মুক্তির জন্য দীর্ঘ একটা জার্নি পাড়ি দিতে হয়েছে আমাদের। বাংলার মাকে নতুনভাবে দেখতে পাবেন দর্শকরা। ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে ছবিটির ফেসবুক পেজে। দর্শকদের আস্থার জায়গাটা আশা করি রাখতে পেরেছি।’
‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নার্গিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানীসহ অনেকে।
এই সিনেমাটিতে গান গেয়েছেন মমতাজ, ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী ও পূজা।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আরো বলেন, ‘এই সিনেমায় নতুনভাবে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশু বিষয়টি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিনেমা এদেশে নির্মিত হয়নি। নেকাব্বরের মহাপ্রয়াণ-এর পর এটি দ্বিতীয় সিনেমা, যেটি কবিতা অবলম্বনে করা হয়েছে।’
এ বছর সিনেমার সংখ্যাটা গতবছরের চেয়ে অনেক কম। মাঝে কয়েক মাসে একাধিক সিনেমা মুক্তি পেলেও কোনো মাসে সিনেমা মুক্তির সংখ্যা ছিল শূন্য। চলতি মাসে যদিও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বরে হয়তো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে।
