ঘোড়াশালের পুরাতন রেল-সেতু মৃত্যুফাঁদ!

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:১১

নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপরের রেল-সেতুতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সেতুটি বহু বছরের পুরনো হওয়ায় স্বাভাবিকভাবেই এর কল-কব্জাগুলো দুর্বল হয়ে পড়েছে। তবে একই নদীর ওপর  আরেকটি সেতু নির্মিত হয়েছে। দুটি সেতুতেই এখন নিয়মিত ট্রেন চলাচল করছে। প্রায়ই এখানকার স্থানীয় অনলাইন পত্রিকায় রেলওয়ে স্লিপারের নাট-বলটু ও কলকব্জা চুরির খবর বের হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর স্লিপারের অসংখ্য লোহার নাট নেই! লোহার নাটগুলোর পরিবর্তে লাগানো হয়েছে কাঠের নাট! কিন্তু লোহার পরিবর্তে কাঠের নাটে কি কাজ হবে? এটা দায়িত্বের গাফিলতি ছাড়া কিছু নয়। প্রতিদিন ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামগামী একাধিক আন্তঃনগর ও লোকাল ট্রেন নিয়মিত এই সেতু দিয়ে চলাচল করছে। যাতে হাজার হাজার যাত্রী থাকেন। যেহেতু বার বার স্লিপারের লোহা চুরির ঘটনা ঘটছে, তাই এখানে রেলওয়ে পুলিশের নিয়মিত নজরদারি করে চোরচক্রকে বিচারের মুখোমুখি করা উচিত। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এখনই কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তৌহিদ বিল্ল­াহ

ঘোড়াশাল, পলাশ, নরসিংদী