ওমানের প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা

আজ ঢাকা ছাড়ছে ফুটবল দল

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:২৬

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে। কোচের অন্যান্য সহকারী, বিদেশি কোচিং স্টাফ যারা রয়েছেন তারা নিজ নিজ দেশে ইউরোপে ছুটি কাটাতে গেছেন। চট্টগ্রামে টুর্নামেন্ট শেষ করে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আছেন স্পেনে। এরা সবাই সরাসরি ওমানে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দেবেন। আর ঢাকা থেকে আজ ফুটবল দল নিয়ে ম্যানেজার সত্যজিত্ দাস রুপু ওমান রওনা হবেন। ওমানের রাজধানী মাসকটে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ ও ওমান ফুটবলের ম্যাচ। ফিফা-২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড টু, ই গ্রুপের ম্যাচ এটি। বাংলাদেশের জন্য চতুর্থ ম্যাচ।

ওমানে রওনা হওয়ার আগে গতকাল বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা, ম্যানেজার রুপু এবং দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ছিলেন। গোলকিপার রানা আশাবাদী মানুষ। ওমান বড়ো দল, শক্তিশালী দল হলেও রানা জানিয়েছেন তারা হারতে যাবেন না, ম্যাচ জেতার জন্যই যাবেন। রানার পজিটিভ কথা অন্যদেরও ভালো লেগেছে। তার কারণ হচ্ছে গত ১৫ নভেম্বর কলকাতার সল্ট লেকের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করেছিল (১-১)। বাংলাদেশের ফুটবলারদের খেলায় দেশের দর্শকরা খুশি। গোলকিপার রানার পারফরম্যান্স ছিল স্মরণীয়। একাধিক দারুণ সেভ দিয়েছিলেন। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই, আত্মবিশ্বাস এনে দিয়েছে। সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কণ্ঠেও শোনা গেল না হারার মানসিকতা হয়েছে ভারত থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে। কণ্ঠে আত্মবিশ্বাস ওমানকেও ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে ম্যাচটার পর জাতীয় দলের অনুশীলন হয়নি। বেশির ভাগ খেলোয়াড় চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে খেলেছেন, শুধু আবাহনীর সাত ফুটবলার ছাড়া। যারা খেলেনি তাদের সবাইকে হোমওয়ার্ক দিয়ে গেছেন কোচ। গোলকিপার রানা জানিয়েছেন প্রত্যেককে ব্যক্তিগতভাবে হোম ওয়ার্ক দিয়েছেন কোচ। অনুশীলন শুরু হলে যেন ফিটনেস নিয়ে কাজ করতে না হয়।

ওমানে ১০ দিন আগে যাওয়ার কারণ সেখানে অনুশীলন করবেন খেলোয়াড়রা। ওখানকার কন্ডিশনিংয়ের সঙ্গে মানিয়ে নিতে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন আগেভাগে দলটাকে ওমান পাঠাচ্ছেন। পুরো খরচাটাই নিজেদের বহন করতে হবে। খেলোয়াড়রা যদি মানিয়ে নিয়ে সেরাটা মেলে ধরতে পারনে তাহলেই স্বার্থকতা দেখছেন বাফুফে সভাপতি। সংবাদ সম্মেলনের পর বাফুফের সভাপতির সঙ্গে দেখা করতে গেলে এমন একটা বার্তা গোলকিপার রানা এবং অন্যদের দিয়েছেন তিনি।

মূল ম্যাচটা খেলার আগে ৯ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা চূড়ান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রতিপক্ষের নাম দু’এক দিনের মধ্যে জানাতে পারবেন। ঢাকায় গত ১০ অক্টোবর কাতার এবং ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছিল। তারপরই ৭ ফুটবলার ছাড়া বাদবাকিরা শেখ কামাল টুর্নামেন্ট খেলেই এখন আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন। খেলোয়াড়রা ক্লান্তি অনুভব করছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠলে সহকারী কোচ এবং ঢাকার মাঠের সাবেক ফুটবলার মাসুদ পারভেজ কায়সার বললেন, ‘ফ্যাটিগ আসতেই পারে। যারা খেলেছে তাদের একরকম এবং অন্যদের আরেকম অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে।’

ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা আক্রমণ ভাগের আবাহনীর জুয়েল রানাকে বাদ দিয়ে নেয়া হয়েছে রহমতগঞ্জের রাকিব হোসেনকে। বলা হয়েছে সামনে এসএ গেমস ফুটবলের কথা ভেবে রাকিবকে নেয়া হয়েছে। আর ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বাহারাইনে এএফসিতে খেলতে যাবেন। ওখান থেকে ১১ নভেম্বর ওমানে পৌঁছবেন আরাফাত।

 

ওমান ম্যাচের জন্য

২৩ ফুটবলার

হলেন

গোলকিপার সোহেল, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন (আবাহনী)। গোলকিপার আনিসুর রহমান জিকো, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সুবজ, মতিন মিয়া, ইব্রাহিম, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রবিউল হাসান (বসুন্ধরা কিংস), গোলকিপার আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), জামাল ভুঁইয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং), আরিফুর রহমান (আরামবাগ), রকিব হোসেন (রহমতগঞ্জ)।