পদ্মায় নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৩১

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. ইসরাফিল (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে দোহারের মুকছেদপুর মহামাইনকা পদ্মা নদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মো. ইসরাফিল ভূঁইয়া উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের মৃত আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে।

দোহার থানার এএসআই জাহিদ বলেন, ৩০ অক্টোবর রাতে নৌকায় করে ইসরাফিল স্থানীয় কয়েকজনের সঙ্গে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। রাত পৌনে দুইটায় দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে গেলে ইসরাফিল নিখোঁজ হয়। সংবাদ পেয়ে পরের দিন সকাল থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

তিনি আরো জানান, পরে শনিবার সকালে স্থানীয়রা পদ্মা নদীতে ইসরাফিলের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/জেডএইচ