জীবননগরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার!

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪৩

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী গ্রাম থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্য আহসান হাবিব টিপু জানান, স্বাধীনতা যুদ্ধের সময় সীমান্তবর্তী ধোপাখালী গ্রামটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে পাক হানাদার বাহিনী এ মর্টার শেলটি ছোড়ে। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে মাটির নিচে চলে যায়।

জানা গেছে, বাড়ি করার জন্য পরিত্যক্ত একটি ভিটি জমির মাটি খোঁড়াকালে দিন মজুরেরা শুক্রবার বিকালে এ মর্টার শেলটি খুঁজে পান। উদ্ধারকৃত মর্টার শেলটি পুলিশী প্রহরায় রাখা হয়েছে। অবিস্ফোরিত মর্টার শেলটি কী অবস্থায় রয়েছে তা জানার জন্য যশোর সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে মর্টার শেলটির পাহারায় পুলিশ নিযুক্ত করা হয়েছে। যশোর সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।