ইত্তেফাক রিপোর্ট
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্সের ‘বাংলাদেশের মুখচ্ছবি’ শীর্ষক প্রদর্শনী। ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড-ইউএনএফপিএ বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ আয়োজনে গতকাল শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি অশা তরকেলসন। প্রদর্শনীতে নারী ও নারীর অধিকার, সংস্কৃতি ও পরিচয়, খেটে খাওয়া মানুষ, স্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, রাজনীতি ও রাজনৈতিক সহিংসতা, ধর্ম প্রভৃতি বিষয় নানামাত্রায় উঠে এসেছে।
প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
