হাজারীবাগে নির্মাণাধীন ভবনে তরুণীকে ধর্ষণ তিন জন আটক

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত তিন জনকে আটক করেছে। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া সাংবাদিকদের জানান, ঐ তরুণী রায়েরবাজার এলাকায় থাকেন। স্থানীয় হাতমোজা কারখানায় চাকরি করেন তিনি। কিছুদিন ধরে রনি নামে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। ঐ সম্পর্কের কারণে শুক্রবার রাত নয়টার দিকে রনি ওই তরুণীকে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় নিয়ে যান।

তরুণীর ভাষ্যের বরাত দিয়ে ওসি জানান, নির্মাণাধীন ঐ ভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন রনির দুই বন্ধু নাজির ও সাগর। সেখানে রনি ও নাজির মিলে ঐ তরুণীকে ধর্ষণ করে। সাগর এ সময় পাহারা  দেয়। পরে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঐ তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি জানান, ঘটনার পরপরই তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।