অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:৩৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ?অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর গত শুক্রবার রাত ১২টার দিকে কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে দুই হলের ছাত্রদের সংঘর্ষের ঘটনা তদন্তে গতকাল শনিবার সন্ধ্যায় কুয়েটের প্রশাসনিক সিদ্ধান্তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নূরুন্নবী মোল্লাকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগিগরই কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম জানান, শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি এবং আজ রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শনিবার নির্ধারিত সময় বিকাল ৫টার মধ্যেই ছাত্ররা হল ছেড়ে চলে যায়।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় হলের পাঁচ-ছয় জন ছাত্র আহত হয়। পরে বিষয়টি নিয়ে  হলগুলোতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম বন্ধসহ কর্তৃপক্ষ ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল বন্ধের সিদ্ধান্ত নেয়।

গতকাল সকালে সরেজমিন কুয়েট ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সংঘর্ষের পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাটেনি। ইটের আঘাতে ক্যাম্পাসের অমর একুশে হল ও ফজলুল হক হলের জানালার কাচ ভেঙে গেছে। কাচের টুকরো নিচে পড়ে আছে। শুক্রবার মধ্যরাতে হল ত্যাগের নির্দেশে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীরা। তবে কুয়েটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকায় যথারীতি সকাল থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।