ভারতের সঙ্গে চুক্তি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি :ফখরুল

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:৪১

ভারতের সঙ্গে করা চুক্তিগুলো সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকশেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে, প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন। সেখানে তিনি দেশটির সঙ্গে কয়েকটি চুক্তি করেছেন। কি কি চুক্তি করেছেন তা আমরা জানি না। সেই চুক্তি সম্পর্কে জানতে আমরা তাকে চিঠি দেবো। বিএনপি মহাসচিব বলেন, চুক্তি সম্পর্কে জানতে তথ্য অধিকার আইন সামনে রেখে তথ্য কমিশনেও চিঠি দেওয়া হবে।

গতকাল বিকালে দলের স্থায়ী কমিটির এই বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।  

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিত্সা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা বলার অধিকার নেই। কারণ তিনি ডাক্তার নন। তিনি তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছেন। আপনারা রাজনৈতিক দৃষ্টিকোণ বাদ দিয়ে মানবিক হোন।