আন্তঃজেলা তালাকাটা চোর চক্রের ৮ সদস্যকে চোরাই ট্রাক ও ২২ লাখ টাকার মালামালসহ আটক করেছে যশোর ডিবি পুলিশ। খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা ৫-৬ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। রবিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- চোর সর্দার বরগুনার আমতলি উপজেলার মানিকজুড়ি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার, দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মনির হোসেন, কালিপুর গ্রামের বাবু মোল্লা, ভোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজার এলাকার আফসার, পটুয়াখালি সদর উপজেলার বহলগাছিয়া গ্রামের আবুল কালাম, শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার রানীনগর গ্রামের মফিজ হোসেন ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমড়ুলের আবুল কালাম আজাদ ও কলাপাড়া উপজেলার গিলাতোলা গ্রামের মনোয়ার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত ৩০ জুন যশোর শহরের বকচরে ইস্টার্ন মোটরস ও ৯ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে হাবিব টায়ার হাউসে চুরি হয়। চোরেরা ওই দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ তদন্ত করে। গত ৩০ অক্টোবর থেকে খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ৫-৬ বছর ধরে ঢাকাসহ দেশের ১৭ জেলায় তার ২০ জন চুরি করে আসছে।
আরও পড়ুন: যুবককে খুনের পর বাড়িতে ফোন করে জানালো খুনিরা
অপরদিকে, রবিবার বেলা ১২টার দিকে যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের মুজিব সড়ক রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসি
