নাঈম শেখের অভিষেক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:০৫

g স্পোর্টস রিপোর্টার

ম্যাচের আকাশে অনিশ্চয়তার ঘনঘটা বয়ে এনেছিল দিল্লির বায়ুদূষণ। গতকাল দুপুরের পর গুঞ্জন ছড়িয়েছিল, ম্যাচই বাতিল হতে পারে। তবে বিকালের পর অবস্থার উন্নতি হওয়ায় অরুন জেটলি স্টেডিয়ামে নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচ।

টস জিতে ফিল্ডিং করতে নামা বাংলাদেশের একাদশে ছিল না কোনো স্বীকৃত বাঁহাতি স্পিনার। বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার হিসেবে এদিন টি-২০ তে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম শেখের। ঘরোয়া ক্রিকেট, ‘এ’ দল ও এইচপি দলের হয়ে নজর কাড়া এই তরুণ এবার রঙিন পোশাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

বিশেষজ্ঞ চার বোলার নিয়েই ম্যাচে একাদশ গড়েছিল বাংলাদেশ। তিন পেসার মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলামের সঙ্গে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। পঞ্চম বোলারের দায়িত্বটা পালনেও একাদশে রাখা হয়েছে চার বোলারকে। তিন অফস্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে মিডিয়াম পেসার সৌম্য সরকারকে ব্যবহারের সুযোগ রয়েছে বাংলাদেশের।

গতকাল শক্তিশালী ভারতের বিপক্ষে বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের ষষ্ঠ বলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরত পাঠিয়েছেন শফিউল। এলবির ফাঁদে পড়েন ভারতের রান মেশিন। ১০ রানে রোহিত শর্মাকে আউট করে স্বাগতিকদের প্রাথমিক ধাক্কাটা দিতে পেরেছিল বাংলাদেশ।

প্রকৃতির বৈরী পরিস্থিতিকে উপেক্ষা করে মাঠে গড়ানো ম্যাচটা ইতিহাসেও ঠাঁই পাচ্ছে। আন্তর্জাতিক টি-২০ তে এটি ছিল ১ হাজারতম ম্যাচ। আর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে রঞ্জন মাদুগালেও ক্রিকেটের খুদে ফরম্যাটে ম্যাচ পরিচালনার ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন গতকাল দিল্লিতে।