জুভেন্তাসকে ডার্বি জেতালেন ডি লিখট

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১২

ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখটকে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আয়াক্স আমস্টারডাম থেকে কেনার পর কিছুটা সমালোচনার মুখেই পড়েছিল জুভেন্তাস কর্তৃপক্ষ। তার ওপর যোগ হয়েছিল তার ফর্মহীনতা। ডি লিখট সেসব কিছুরই জবাব দিলেন তুরিন ডার্বিতে। তোরিনোর বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও যখন খেলার ফলাফল অপরিবর্তিত তখনই কর্নার থেকে দলকে এগিয়ে দেন সাবেক আয়াক্স অধিনায়ক। এই জয়ের ফলে ইন্টার মিলানকে টপকে আবারও শীর্ষে উঠে এলো জুভেন্তাস। দিনের শুরুতে বোলোনিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল কোচ অ্যান্তোনিও কন্তের ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও জোড়া গোল করে দলটির জয়ে বড়ো ভূমিকা রাখেন রোমেলু লুকাকু।