স্পোর্টস ডেস্ক
ব্যাটিং কিংবা বোলিং—দুই বিভাগেই দারুণ পারফরম করল নিউজিল্যান্ড। আর এর সুবাদে দলটি সফরকারী ইংল্যান্ডকে ২১ রানে হারাতে সক্ষম হলো । এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ব্ল্যাকক্যাপরা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। নেলসনে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ১৭৭ রান তাড়ায় ইংলিশদের ইনিংস শেষ হয় ১৫৫ রানে। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪১ রানের ইনিংস আসে মার্টিন গাপটিলের ব্যাট থেকে। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। রস টেলর করেন ২৪ বলে ২৮ রান।
জবাব দিতে নেমে ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৩৯ রান করেন ডেভিড মালান। ৯৩ তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষের দিকে ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন ক্রিস জর্ডান। তবে তিনটি করে ছয় ও চারে তার ১৯ বলে ৩৬ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্যান্টনার।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৭৬/৮, ২০ ওভার (নিশাম ৪২, গাপটিল ৪১, জর্ডান ৩/২৩)।
ইংল্যান্ড :১৫৫/১০, ১৯.৫ ওভার (মালান ৩৯, জর্ডান ৩৬, স্যান্টনার ৩/২৫)।
ফল : নিউজিল্যান্ড ২১ রানে জয়ী।
ম্যাচ সেরা : মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
