কালভার্টে ফাটল ও মাটি দেবে গেছে

কিশোরগঞ্জ-তাড়াইল সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা সদরের সঙ্গে তাড়াইল উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সপ্তাহকাল আগে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের সড়কঘাটা নামক স্থানে ঘোড়াউত্রা খালের ওপর নির্মিত কালভার্টটিতে ফাটল দেখা দেওয়ায় এবং একপাশের মাটি দেবে যাওয়ায় সড়কপথের সরাসরি যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। বৃটিশ আমলে কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই কালভার্টটি নির্মিত হয়েছিল। নির্মাণের পর এক-দুইবার কালভার্টটি সংস্কার হয়েছিল বলে স্থানীয় প্রবীণ লোকজন জানান। কালভার্টটির একপার্শ্বে কিশোরগঞ্জ সদর উপজেলার সড়কঘাটা গ্রামের শেষ সীমানা ও অপর পার্শ্বে তাড়াইল উপজেলার চরতালজাঙ্গা গ্রামের সীমানা শুরু হয়েছে। স্থানীয়রা জানান, গত ২৬ অক্টোবর বিকালে হঠাত্ করে কালভার্টটির পিলারের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং কালভার্টের একপাশে কিশোরগঞ্জ অংশের মাটি অন্তত দুই ফুট দেবে যায়।  তখন এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কোনো সময় কালভার্টটি ধসে খালে পড়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

এ পরিস্থিতিতে লোকজনের যাতায়াতে দারুণ বিঘ্ন ঘটছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন কালভার্টটি পার হচ্ছেন। তাছাড়া ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাময়িক লোক চলাচলের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান একটি বাঁশের সাঁকো নির্মাণের কাজ হাতে নিয়েছেন বলে এলাকাবাসীরা জানান।

এলজিইডির কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. জোনায়েত হোসেন জানান, বিকল্প চলাচলের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণ এবং পুরাতন কালভার্ট ভেঙে সেখানে নতুন কালভার্ট নির্মাণের জরুরি তাগিদ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে।