নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে রবিবার সকালে ধানখেত থেকে কৃষক ফজলুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলুর রহমান উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর বটবৃক গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। নিহতের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আমড়াগোহাইল গ্রামের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ফজলুর রহমান বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকালে শ্রমিকরা ধান কাটতে গিয়ে খেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
