যশোর অফিস
আন্তঃজেলা তালা কাটা চোর চক্রের আট জনকে চোরাই ট্রাক ও ২২ লাখ টাকার মালামালসহ আটক করেছে যশোর ডিবি পুলিশ। খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা পাঁচ-ছয় বছর ধরে দেশের বিভিন্ন জেলায় চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে।
রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত ৩০ জুন যশোর শহরের বকচরে ইস্টার্ন মোটরস ও ৯ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে হাবিব টায়ার হাউজে চুরি হয়। চোরেরা ঐ দুটি প্রতিষ্ঠান থেকে ২৯ লাখ ৮৪ হাজার ২০০ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় মামলা হওয়ার পর ডিবি পুলিশ তদন্ত করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩০ অক্টোবর থেকে খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
