ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষা কেন্দ্রের শাপলা বালিকা স্কুল অ্যান্ড কলেজ ভেন্যু কেন্দ্রে দুই শতাধিক পরীক্ষার্থী তাঁবুর শামিয়ানা নিচে পরীক্ষা দিচ্ছে। গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীরা স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের কাছে অভিযোগ করেছে বলে স্বীকার করেছেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
পরীক্ষা কেন্দ্রের সচিব এ কে এম শামছুল হক জানান, ঐ ভেন্যুতে ৫৮২ জন জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কক্ষ স্বল্পতার জন্য তারা বিদ্যালয়ের মাঠে তাঁবু টানিয়ে পরীক্ষা নিচ্ছেন। তাঁবুর নিচে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের অসুবিধার কথা বলায় তাঁবুতে ফ্যানের ব্যবস্থা করা হবে। ভেন্যু কেন্দ্রের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম জানান, প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কক্ষ সংকুলান না হওয়ায় তাঁবু টানিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, তাঁবুতে তিনটি প্রতিষ্ঠানের ২ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে আমার স্কুল থেকে ৮৭ জন পরীক্ষার্থী তাঁবুর নিচে পরীক্ষা দিচ্ছে। ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে তারা অস্বস্তিবোধ করেছে।
