ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক শিরীন আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। চবির ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।
গতকাল রবিবার এ বিষয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেটের মাধ্যমে নির্বাচিত প্যানেল থেকে নিয়মিত উপাচার্য নিয়োগ বা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শিরীন আখতারের নিয়োগ বলবত্ থাকবে।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ৬ সেপ্টেম্বর ২০১৭ থেকে ঢাবিতে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন। এছাড়া, গত জুলাই মাসে তিনি দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েল্থ ইউনিভার্সিটি (এসিইউ) এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য ছিল ছয় মাস ধরে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য ছিল গত চার মাস যাবত। বর্তমানে গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে।
