আলটিমেটাম শেষ পদত্যাগ করবেন না ইমরান খান

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০০

পাকিস্তানে আলটিমেটামের মেয়াদ শেষ হলেও পদত্যাগ করবেন না প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি অবস্থান ধর্মঘট আরো দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়েছেন। তবে সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দেশটির সেনাবাহিনী নির্বাচিত সরকারকে সমর্থন দেবে বলে জানিয়েছে। —খবর ডনের

শনিবার ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক বলেন, ২০১৮ সালের নির্বাচনে কারচুপি নিয়ে গঠিত পার্লামেন্টারি কমিটি পরিবর্তনে সরকার রাজি আছে। তবে তিনি জানিয়েছেন, উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবে সরকার। গত শুক্রবার ফজলুর রেহমান ইমরান খানকে পদত্যাগে দুই দিনের আলটিমেটাম দিয়ে বলেন, জনগণের উচিত প্রধানমন্ত্রীকে আটক করে পদত্যাগে বাধ্য করা। খাট্টাক বলেন, ফজলুর রেহমান এই ধরনের বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার বিরোধীদের আজাদি মার্চে ভীত নয়; কিন্তু তাদের বক্তব্য জাতীয় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। ফজলুর রেহমান বলেছেন, তারা এখনই রেড জোনে প্রবেশ করতে চান না। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ঘরে ফিরবেন না। আর ইমরান খান বলেছেন, তিনি কোনো অন্যায় দাবির কাছে মাথানত করবেন না।

নির্বাচিত সরকারকে সমর্থন দেবে সেনাবাহিনী

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচিত ও সংবিধানসম্মত সরকারকে সমর্থন করে। রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী হাজার হাজার মানুষের বিক্ষোভকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বক্তব্য এলো। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে সামরিক বাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, আমরা সংবিধান, আইনসম্মত ও নির্বাচিত সরকারকে সমর্থন করি, কোনো দলকে নয়।