চাপ উড়িয়ে অবিশ্বাস্য জয়

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:৫৭

শেষ ১২ বলে দরকার ছিল ২২ রান। শেষ ১০ বলে দরকার ২০ রান। সেখান থেকেই টানা ৪টি চার মেরে দিলেন মুশফিকুর রহিম। আর নাটকীয়ভাবে ম্যাচ এখান থেকেই চলে এলো বাংলাদেশের হাতে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা যা পারে না; তা-ই করল বাংলাদেশ। ভারতের মাটিতে গিয়ে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশের মাথার ওপর ছিল অবিশ্বাস্য চাপ। সাকিব নেই, তামিম নেই, সাইফউদ্দিন নেই; দিল্লির বাতাসে নিঃশ্বাস নেওয়া কষ্ট। এমন সব নানা প্রতিকূলতা। সেই সঙ্গে রেকর্ড বলছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো জয় নেই টি-টোয়েন্টিতে। এই সব চাপ, এই সব ইতিহাস উড়িয়ে দিল বাংলাদেশ।

টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। জবাবে বাংলাদেশ ৭ উইকেট ও ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায়। ৪৩ বলে ৬০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে অপরাজিত রইলেন মুশফিকুর রহিম। আর রিয়াদ ৭ বলে করেন ১৫ রান।

রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ৭ রান করে ফিরে আসেন ওপেনার লিটন দাস। এরপর দলের ভালো একটা ভিত্তি রচনা করেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। নাঈম ২৮ বলে ২৬ রান করে ফেরেন। এরপর মুশফিকুর রহিমের সঙ্গেও ভালো জুটি করেন সৌম্য। তিনি ৩৫ বলে ৩৯ রান করে আউট হন। আর লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান মুশফিকুর রহিম।

ম্যাচটা নানা কারণেই স্মরণীয় হয়ে থাকার কথা। এই ম্যাচ ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের হাজারতম ম্যাচ। আর এটা ছিল প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের শততম ম্যাচ। তবে বাংলাদেশের জন্য এটা ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া একটা নতুন যুগের শুরু। তামিম ইকবাল পারিবারিক কারণে ছুটিতে আছেন। আর সাকিব আল হাসান জুয়াড়ির সঙ্গে যোগাযোগের খবর গোপন রেখে এক বছরের শাস্তি ভোগ করছেন।

এ দুই তারকাকে ছাড়া খেলতে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। প্রথম ওভারে দুটি বাউন্ডারি হজম করলেও ঐ ওভারের শেষ বলেই রোহিত শর্মার উইকেট তুলে নেন শফিউল ইসলাম। এই ইনিংসে ৫ বলে ৯ রান করার মধ্য দিয়ে রোহিত অবশ্য টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান। আগে সর্বোচ্চ ২৪৫০ রান ছিল বিরাট কোহলির। আর রোহিতের রান এখন ২৪৫২।

এরপর বাংলাদেশের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব তুলে নেন ২টি উইকেট। প্রথমে লোকেশ রাহুল এবং পরে শ্রেয়াশ আয়ারের উইকেট নেন তিনি। এরপর সর্বোচ্চ ৪১ রান করা শিখর ধাওয়ান ফেরেন রানআউট হয়ে। আফিফ হোসেন নিজের বলে অসামান্য এক ক্যাচ নিয়ে ফেরান শিবম দুবেকে। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে শফিউল নেন আরো ১টি উইকেট।

দারুণ এই জয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

অভিনন্দন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, গতকাল রবিবার এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া আলাদা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার পর খর্ব শক্তি ও ভাঙা মনোবল নিয়ে ভারতে গিয়ে সফরের প্রথম টি-টোয়েন্টি খেলায় জয় পেল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে ভারতের পরাজয় এটাই প্রথম।