পলাতক খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো বাড়ানো হবে :কাদের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফেরাতে আগামীদিনগুলোয় কূটনৈতিক প্রচেষ্টা আরো বাড়ানো হবে। গতকাল রবিবার শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আইনে সমস্যা আছে। অনেক দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে তারা ফাঁসির আসামি। সেজন্য তাদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে। তবুও বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কীভাবে খুনিদের ফিরিয়ে আনা যায়। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ও নেতৃত্বশূন্য করে দেওয়ার ঘৃণ্য অভিলাষে আমাদের জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের চারজন প্রথমসারির সংগঠককে নৃশংসভাবে হত্যা করা হয়।