রূপপুর পারমাণবিক প্রকল্প
g ইত্তেফাক রিপোর্ট
অস্বাভাবিক ব্যয় ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবরসহ ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের কাছে এ তলবি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ঐ নোটিশে তাদের আগামী ৬, ৭, ১১, ১২ ও ১৩ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে।
৬ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, পাবনা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. তারেক, তাহাজ্জুদ হোসেন, মো. মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী মো. কামারুজ্জামান, মো. আবু সাঈদ ও মো. ফজলে হক। আর ৭ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, পাবনা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশল মো. শফিকুল ইসলাম, সুমন কুমার নন্দী, মো. শাহীন উদ্দিন ও মো. জাহিদুল করিম।
এছাড়া রাজশাহী গণপূর্ত অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবুর রহমান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুর রহমান, পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, মো. রওশন আলী, রাজশাহী সার্কেলের উপসহকারী প্রকৌশলী মো. আহসানুল হক ও খোরশেদা ইয়াছরিবাকে আগামী ১১ নভেম্বর হাজির হতে বলা হয়েছে।
অপরদিকে ১২ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন রাজশাহী গণপূর্ত অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন, শাহনাজ আক্তার, পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শফিউজ্জামান ও মো. রওশন আলী এবং রাজশাহী গণপূর্ত অঞ্চলের সাবেক সহকারী প্রকৌশলী মকলেছুর রহমান। আর ১৩ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শৌকত আকবর, উপপ্রকল্প পরিচালক মো. হাসিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. মাহবুব রহমান, মো. মেহেদী হাসান এবং পাবনা গণপূর্ত বিভাগের মো. রফিকুজ্জামান।
দুদক সূত্র জানায়, গত ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয়ে কমিশন তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে। দুদক কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে গঠন করা অনুসন্ধান টিমের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। রূপপুর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মাণাধীন গ্রিনসিটি আবাসন প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাব ও প্রয়োজনীয় মালামাল কেনা ও ভবনে উত্তোলনের কাজে অস্বাভাবিক ব্যয়সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে দুদক টিম তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে দুদক সূত্র জানিয়েছে।
