বেরোবিতে হল প্রভোস্টের কক্ষে তালা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৪

g বেরোবি সংবাদদাতা

ছাত্রলীগ নেতাদের সঙ্গে পরামর্শ না করে আবাসিক হলে আসন বিন্যাস করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট রুম এবং অফিস রুমে তালা লাগিয়েছে ছাত্রলীগ। রবিবার দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের হল অফিস থেকে বের করে দিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ-উল ইসলাম জয়ের নেতৃত্বে তালা লাগানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, পূর্বের আবেদনপত্র থেকে গত বৃহস্পতিবার হলের আসন বরাদ্দের জন্য সাক্ষাত্কার গ্রহণ করেন হল প্রভোস্ট শাহীনুর রহমান। ঐদিন রাতেই সাক্ষাত্কার দেওয়া শিক্ষার্থীদের আসন বন্টনের তালিকা দেওয়া হয়। কিন্তু সিট বরাদ্দে ছাত্রলীগের সঙ্গে পরামর্শ না করায় রবিবার  আসনপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হতে আসলে তাদেরকে বের করে দিয়ে প্রভোস্ট কক্ষ ও অফিস কক্ষে তালা লাগিয়ে ভর্তি স্থগিত করে দেয় জয়সহ ছাত্রলীগ নেতাকর্মীরা। হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা জানান, শহিদ মুখতার ইলাহী হলে ইতিপূর্বে কোনো প্রভোস্ট ছাত্রলীগ নেতা টর্চার কমান্ডার জয়ের পরামর্শ ছাড়া কোনো আসন বরাদ্দ দিতে পারেননি। হলে মোট ২৪০টি আসনের মধ্যে বৈধ আসন সংখ্যা ১১৮টি। বাকি আসনগুলোতে জয় এবং ছাত্রলীগ নেতারা তাদের ইচ্ছেমতো বরাদ্দ দেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা মাহমুদ-উল ইসলাম জয়কে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া জানান, আমি ঢাকায় আছি। তালা লাগানোর বিষয়টি শুনেছি। কেন লাগিয়েছে তা আমি কিছু জানি না।

এ বিষয়ে হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) মো. শাহিনুর রহমান জানান, তালা দেওয়ার বিষয়টা শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।