মঠবাড়িয়ায় বৃদ্ধাকে পিটিয়ে মারল ছেলে!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৪

g মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আম্বিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে মেরে ফেলেছে তার ছেলে। নিহত আম্বিয়া বেগম উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের হেমায়েত তালুকদারের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা। ঘটনার পর থেকে নিহত বৃদ্ধার অভিযুক্ত বড়ো ছেলে জলিল তালুকদার পলাতক।

পুলিশ জানায়, শনিবার সকালে বৃদ্ধা আম্বিয়া বেগম, স্বামী হেমায়েত তালুকদার ও ছোটো ছেলে শহীদ তালুকদার মিলে বাগানে গাছ থেকে সুপারি পাড়ছিলেন। এ সময় পৃথক সংসারে থাকা বাড়ো ছেলে জলিল তালুকদার সুপারি পাড়তে তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে জলিল ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবাকে মারধর করতে গেলে মা আম্বিয়া বাধা দেন। এসময় ছেলে জলিল, তার স্ত্রী মাহমুদা বেগম ও দুই ছেলে বৃদ্ধা আম্বিয়া বেগমকে  প্রচণ্ড মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে আম্বিয়া বেগম মারা যান। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, বৃদ্ধার লাশ পিরোজপুর জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।