সফরে তার অনুপস্থিতি দলকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। চ্যালেঞ্জ জয়ের তাগিদ। তার শুরুটা হলো দুর্দান্ত; প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। দলের সঙ্গে থাকতে না পারলেও দারুণ এই জয় ছুঁয়ে গেছে সাকিব আল হাসানকে। অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন এই অলরাউন্ডার। চাপের মুখে দারুণ জয় ছিনিয়ে আনার জন্য ভাসিয়েছেন প্রশংসায়। ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহুর্ত। জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্টদের না জানানোয় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে সাকিবকে। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না তিনি।
