যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে লাভ নেই: ইরান

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৮:৫৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ এটা নিশ্চিত যে তারা কোনো ধরণের সুবিধা দেবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশটির সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবসের একদিন আগে রবিবার তেহরানে হাজার হাজার ছাত্র-ছাত্রীর এক সমাবেশে এসব কথা বলেন।  

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ইরানের আলোচনায় বসাকে তাদের কাছে নতিস্বীকার বলে মনে করে। যুক্তরাষ্ট্র আলোচনার ওপর জোর দিচ্ছে এই লক্ষ্য নিয়ে যে তারা যাতে বিশ্ববাসীকে বলতে পারে মার্কিন সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা কাজে এসেছে এবং ইরানিরা মাথানত করেছে। 

তিনি আরও বলেন, মার্কিন শাসকদের ষড়যন্ত্রের মোকাবেলায় সবচেয়ে বড় জবাব হচ্ছে ইরানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের পথ বন্ধ করে দেওয়া। আর ইরানের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের সুযোগ বন্ধের একটি উপায় হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় না বসা। 

খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবা ও উত্তর কোরিয়ার নিষ্ফল আলোচনার প্রতি ইঙ্গিত করে বলেন, এসব ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।  যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা এমন অবস্থায় চলে গিয়েছিলেন যে, তারা যেন একে অপরের জন্য জান কুরবান করে দেবেন। কিন্তু অবশেষে  যুক্তরাষ্ট্র তার নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা তিল পরিমাণ কমায় নি এবং কোনো ধরণের ছাড় দেয় নি।

ইত্তেফাক/এসআর