সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ডে কাস্তা দারুস সুন্নাহ কওমী হাফিজিয়া মাদ্রাসার একটি আধা-পাকা টিনশেড ঘর ও ঘরে রাখা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে মাদ্রাসার আধা-পাকা টিনশেড ঘরের চাল, বই-পুস্তক, আসবাবপত্র, ছাত্রদের পোশাক, তৈজসপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার ৮ লক্ষাধিক টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: জীবননগরে ইটভাটার মাটিচাপায় শিশু নিহত
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়ম অনুযায়ী সরকারি সব রকমের সহায়তা কাস্তা দারুস সুন্নাহ কওমী হাফিজিয়া মাদ্রাসায় করা হবে।
ইত্তেফাক/এমআরএম
