জীবননগরে ইটভাটার মাটিচাপায় শিশু নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৩:২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকায় একটি ইটভাটায় মাটি চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় সঙ্গী নিয়ে ইটভাটার মাটির স্তূপের ওপর খেলা করার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সঙ্গী আরেফিন (৭) দ্রুত সরে পড়তে পারলেও জিহাদ মাটির নিচে চাপা পড়ে। পরে ইসকেভেটর গাড়ি দিয়ে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও জিহাদকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাঁকা গ্রামের আঁশতলাপাড়ার তরিকুল ইসলামের ছেলে জিহাদ ও হোসেন আলীর ছেলে আরেফিন বাড়ির পাশে এএনজেএম ইটভাটার মাটির স্তূপের ওপর খেলা করছিলো। এসময় আকস্মিক মাটি ধসে পড়ে। শিশু জিহাদ মাটির স্তূপের নিচে চাপা পড়লে ইটভাটার এসকেভেটর গাড়ি দিয়ে দ্রুত মাটি সরিয়ে তাকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাঘায় ট্রাকসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

শিশু জিহাদের মামা খোকন জানান, সে বাঁকা আনন্দ স্কুলের শিশু শ্রেণির ছাত্র। এএনজেএম ইটভাটার পরিচালক নাসির উদ্দিন জানান, মাটির স্তূপের ওপর খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া।

ইত্তেফাক/এমআরএম